ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আমির (৪১) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত জিপিএস ট্র্যাকিং, গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড় সংলগ্ন কিশোরগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে আমিরকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে জানায় এসআরবি।

আটক ব্যক্তির দেওয়া তথ্য ও দেখানো মতে, প্রাইভেটকারের পেছনে গ্যাস সিলিন্ডার রাখার জায়গায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার আমির দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিলেন। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
গ্রেপ্তার আমিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

