মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

0
555

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটার ময়মনসিংহের প্রযোজনা “আই ক্যান্ট ব্রিদ”। সংগঠনের ৪৬তম প্রযোজনার ষষ্ঠ মঞ্চায়ন ছিল এটি।

নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন বায়োগ্রাফিক্যাল নাট্যকার জুয়েল কবির। একক অভিনয়ে দর্শকদের আবেগতাড়িত করেন অনসাম্বল থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্যকর্মী মো. আবুল মনসুর।

555953157 2001623430640872 835727719454832224 n

প্রথম প্রদর্শনী থেকেই আলোচনায় আসা এই প্রযোজনায় সমকালীন সমাজের বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও মানসিক দমবন্ধ বাস্তবতাকে প্রতীকী ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। আলো, শব্দ, সঙ্গীত ও একক অভিনয়ের শক্তিশালী মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে নিপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদের আবেগঘন চিত্র।

555465165 2001623600640855 3847641443437157946 n

প্রদর্শনী শেষে এক দর্শক অনুভূতি প্রকাশ করেন—“এ নাটক যেন নিঃশ্বাস নিতে না-পারা মানুষের জীবন্ত চিৎকার; আমাদের সময়ের নির্মম আয়না।”

অনসাম্বল থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়, “আই ক্যান্ট ব্রিদ” কেবল রাজধানী বা বড় শহরে সীমাবদ্ধ থাকবে না। দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে ধারাবাহিকভাবে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে তাদের। এ লক্ষ্যে সাংস্কৃতিক অনুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছে দলটি।

প্রায় দুই দশকের যাত্রায় অনসাম্বল থিয়েটার ৪৮টি নাটক মঞ্চে এনেছে। প্রতিবাদ, সত্য উচ্চারণ ও সংস্কৃতির মুক্তি—এই তিন ভিত্তিতেই প্রতিটি প্রযোজনা গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় “আই ক্যান্ট ব্রিদ” আজ সময়ের এক প্রতিবাদী উচ্চারণ হয়ে উঠেছে।

আগামী ১১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে নাটকটির সপ্তম মঞ্চায়ন হবে। দলটির মতে, এ নাটক নিছক বিনোদন নয়; এটি মানুষের মুক্ত নিঃশ্বাসের দাবি এবং সামাজিক বিবেকের শক্তিশালী প্রতিচ্ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here