ময়মনসিংহ প্রতিনিধি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়াতে ময়মনসিংহে ২০ তরুণ-তরুণীকে দুই দিনব্যাপী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে এআইয়ের ব্যবহার, ফটোশুট ও ফটো এডিটিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল ডিসইনফরমেশন, অনলাইন মাধ্যমের সম্ভাবনা ও ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনে প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর SPRE প্রকল্পের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের যুব গ্রুপের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে তথ্যপ্রযুক্তির পরিবর্তন ও এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা করেন নাট্যকার, সংস্কৃতিকর্মী ও এশিয়ান টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি আবুল মনসুর। তিনি বলেন, বর্তমান সময়ে আইসিটিতে যে যত বেশি দক্ষ হবে, তার কাজের সুযোগও তত বাড়বে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুবকদের নিজেদের দক্ষ করে তুলতে হবে।
প্রশিক্ষণের শেষ দিনে অনলাইনে আইইডির ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হন সমন্বয়কারী (পিসবিল্ডিং ও জনউদ্যোগ) তারিক হোসেন। তিনি ই-বর্জ্যের কারণে জলবায়ু পরিবর্তনের ওপর প্রভাব এবং নারী ও শিশুর স্বাস্থ্যের সম্ভাব্য ক্ষতিকর ও ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণের ব্যবহারিক অংশে আইইডি ময়মনসিংহ কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক নূর নাহার বেগমের পরিচালনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন অনলাইন মাধ্যমের ব্যবহার, ইতিবাচক দিক ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে দলীয় কাজ করেন। পরে তারা নিজেদের কাজ উপস্থাপন করেন। এতে তথ্য বিশ্লেষণ, মতামত প্রকাশ ও দলগতভাবে কাজ করার সুযোগ পান তরুণরা।
সমাপনী অনুষ্ঠানে জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবিন তরুণদের সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন তরুণ-তরুণী প্রত্যেকে আরও ১০ জন করে যুবককে যুক্ত করতে পারলে সংগঠনের সঙ্গে আরও ২০০ তরুণ-তরুণী সম্পৃক্ত হতে পারবেন।
সমাপনী অধিবেশনে তরুণদের পক্ষ থেকে বক্তব্য দেন স্বপন সূত্রধর, সিপন হৃদয়, স্বচ্ছ দে, সারোয়ার মোহাম্মদ, নুসরাত জাহান সাদিয়া ও নাফিসা তানজিম নিপুন। তারা এ ধরনের আইসিটি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইইডিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আইইডি ও জনউদ্যোগের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
প্রশিক্ষণে তথ্য ও প্রযুক্তি বিষয়ে ফ্যাসিলিটেটর ছিলেন জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির সদস্য ও গাজী টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফা। প্রশিক্ষক ছিলেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক নূর নাহার বেগম। প্রশিক্ষণটি সমন্বয় করেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা ও জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির সদস্যসচিব কাজী শাখাওয়াত হোসেন।
শেষে জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবিন দুই দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

