ময়মনসিংহ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি মো. আবুল মিয়া (২৯)কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (এসআরবি-১৪), ময়মনসিংহ সদর কোম্পানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ির সদস্যরাও সহযোগিতা করেন।
গ্রেপ্তার আবুল মিয়া নেত্রকোনা জেলার বাসিন্দা এবং নিহত রফিকুল ইসলামের আপন চাচাতো ভাই। তিনি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি বলে জানিয়েছে এসআরবি-১৪।
প্রেসনোটে বলা হয়, গত ২৭ আগস্ট সকাল ১০টার দিকে বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামে বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার আপন চাচাতো ভাইদের বিরোধ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে রফিকুল ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. জহিরুল ইসলাম ২৯ আগস্ট বারহাট্টা থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর-১৫। এতে দণ্ডবিধির ১৪৩/৩০২/১০৯/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা হওয়ার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুরে অভিযান চালিয়ে আবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।
অপরাধ দমন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেসনোটে জানানো হয়েছে।

