ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার স্বামীর চাচাতো ভাই হারুন অর রশিদ (৫৫)। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চৌদার উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আফরোজা ওই গ্রামের সেকান্দর আলীর স্ত্রী। অন্যদিকে হারুন অর রশিদ একই গ্রামের ছমেদ আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি হারু নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের ফিশারির পাড়ে লাগানো গাছ থেকে লাউ তুলতে যান আফরোজা। এ সময় সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে যান হারুন অর রশিদ। একপর্যায়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী দেলোয়ার হোসেন জানান, আকস্মিক এ ঘটনায় দুটি পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, সেচ মোটরের বৈদ্যুতিক তারে স্পর্শ করে দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

