গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে বদলি করা হয়।
সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল জানা যায়নি।
এর আগে কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তার দাবি, ডিএমপিতে দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।
শাহ আলম সৈকত আরও অভিযোগ করেন, আবুল হাসানের নেতৃত্বে একাধিকবার তার বাসায় অভিযান চালানো হয়েছিল এবং পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আবুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা। তিনি জানান, সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে তাকে নিয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা ডিবির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

