ময়মনসিংহের ফুলপুরে নিজেকে ‘ফকির কমিটির সভাপতি’ পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ডের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইক হাতে আনোয়ার নামে এক ব্যক্তি ভিক্ষুকদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। তিনি ঘোষণা করেন, মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন ভিক্ষা করা যাবে না। ভিক্ষার সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কাউকে ভিক্ষা করতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের জেল দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে ওই ব্যক্তি জানান, তার নাম আনোয়ার। বাড়ি শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায়। নকলা থেকে ময়মনসিংহ পর্যন্ত এবং শেরপুর ও বকশীগঞ্জ এলাকাতেও তাদের কার্যক্রম রয়েছে বলে দাবি করেন তিনি।
মো. আল আমিন নামে এক ব্যক্তি ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এ বিষয়ে তিনি বলেন, ভিক্ষাবৃত্তি নিয়েও যদি এমন সভাপতি তৈরি হয় এবং আইনের ভয় দেখানো হয়, তাহলে তা সামাজিক অবক্ষয়েরই বহিঃপ্রকাশ।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বিষয়টি তার নজরে আসেনি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে কথা বলতে হবে।
তবে ভিডিওতে দেওয়া ওই ব্যক্তির পরিচয় এবং কথিত ‘ফকির কমিটি’র অস্তিত্ব সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

