ময়মনসিংহ প্রতিনিধি
মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় শেরপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন বোলগাঁও নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

