নিজস্ব প্রতিবেদক
শেরপুরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় সহায়তার অভিযোগে স্থানীয় আরও তিনজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
আটককৃত ব্যক্তিরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃপাপদ দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভীটি গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, ভারতে বসবাসরত তাঁদের চাচার নিকট শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। এ ছাড়া অর্থের বিনিময়ে তাঁদের ভারতে যেতে সহায়তাকারী হিসেবে স্থানীয় তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তাঁরা হলেন শ্রীবরদী উপজেলার বাবেলকোনা গ্রামের মো. মামুন (২২), একই গ্রামের মো. কালু মিয়া (৩৫) এবং চালাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।
পরবর্তী সময়ে আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুরের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

