নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. আকিবুল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল কিশোরীকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার খালপাড়ে একটি ফিসারির পাশে ধানক্ষেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ সময় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি দুটি কলাগাছ দিয়ে ঢেকে রাখা ছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে আকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে এসআই মাসুম বিল্লার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে , প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল জাকিয়াকে ঘটনাস্থলে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে। সে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার আব্দুল লতিফ ও আছিয়া দম্পতির ছেলে।

