নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের বসতবাড়ি থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল বিয়ারসহ মোট ১০২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে তাঁদের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের আব্দুল খালেক ও ঝর্না খাতুনের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আজিজুল হকের বসতঘরের মাচার নিচে আট বস্তায় রাখা ৮০ বোতল ভারতীয় আইকোনিক হোয়াইট মদ উদ্ধার করা হয়। একই বাড়িতে হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচে দুটি বস্তা থেকে আরও ১৬ বোতল একই ব্র্যান্ডের মদ পাওয়া যায়। পরে হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ছয় বোতল কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম বিয়ার উদ্ধার করে পুলিশ।

ধোবাউড়া থানার পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের আদালতে সোপর্দ করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

