নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামে ট্রান্সফরমার নষ্ট হয়ে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার অভিযোগে বিক্ষুব্ধ গ্রামবাসী পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। এ ঘটনায় পিডিবির এক উপসহকারী প্রকৌশলী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রান্সফরমার বদল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে শিমরাইল গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ জন বাসিন্দা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা অফিসের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করেন। এ সময় উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে মারধরের অভিযোগ ওঠে।
স্থানীয়দের অভিযোগ, গত ১৩ আগস্ট রাতে ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর থেকে গ্রামের কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন। বারবার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।
পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ট্রান্সফরমারের সংকট থাকায় নতুনটির পরিবর্তে পুরোনো ট্রান্সফরমার দেওয়া হয়েছিল। এলাকাবাসী নতুন ট্রান্সফরমারের দাবিতে ক্ষুব্ধ হয়ে হামলা চালান।
আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ট্রান্সফরমার পেতে দেরি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন সরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



