নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শরতের পূর্ণিমার আলো, একতারা-দোতারার সুর আর লালনগীতির আধ্যাত্মিক আবহে মুগ্ধতার রাত কাটালেন ময়মনসিংহের শত শত সঙ্গীতপ্রেমী। ময়মনসিংহ বাউল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আধ্যাত্মিক সঙ্গীত আয়োজন ‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’র ষষ্ঠ আসর। লালন সাঁইজির তিরোধান উপলক্ষে এবারের আয়োজন সাজানো হয় লালনগীতিকে কেন্দ্র করে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পূর্ণিমার স্নিগ্ধ আলোয় রাতভর ভক্তিগীতি, লালনগীতি, সুফি ও বাউল গানের সুরে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানটি সাজানো হয় দুটি পর্বে। প্রথম পর্বে মাগরিবের নামাজের পর বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় পবিত্র মিলাদ ও দরুদ শরিফ পাঠ করা হয়। এতে নেতৃত্ব দেন পীর খোরশেদ আলম দয়াল। এ পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে তৈরি হয় শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ।

এশার নামাজের পর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। ময়মনসিংহের বিভিন্ন প্রখ্যাত ও উদীয়মান বাউল শিল্পীরা পরিবেশন করেন ভক্তিগীতি, লালনগীতি, সুফি ও বাউল গান। সংগীত পরিবেশন করেন মিজান বাউলা, জয়িতা অর্পা, চন্দন শাহ, বাউল সোহাগী সরকার, শাহনাজ সাথী, বাউল চাঁন মিয়া, বাউল মালেকা খাতুন, বাউল সাবিনা সরকার, বাউল সাজন মালা, বাউল নুর আলম সরকার, বাউল মাফিজুল সরকার, রফিক চিশতি, বাউল রাজ্জাক সরকার, বাউল রুমা সরকার, বাউল এরশাদ ও বাউল আবদুল মজিদ।
সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক, জীবনের দর্শন এবং পরমের সন্ধানে রচিত কালজয়ী গানগুলো শিল্পীদের কণ্ঠে ও বাদ্যযন্ত্রের সুরে নতুন মাত্রা পায়। মুক্ত আকাশের নিচে চাঁদের আলো আর আধ্যাত্মিক সংগীতের মেলবন্ধনে মুগ্ধ হয়ে গান উপভোগ করেন শ্রোতারা।

অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সঙ্গত করেন হারমোনিয়ামে কাদির, বাঁশিতে আজিজুল, ট্রাম্পেটে হামিদ ভান্ডারী, রবাবে হাবিব, করতালে মোশাররফ, খমকে মিজান এবং ঢোলে রাজকুমার দাস, বিশাল ও শরীফ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন আমিনুল ইসলাম। এ সময় শুভেচ্ছা ও অনুভূতি প্রকাশ করেন চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক, যমুনা টেলিভিশনের সাংবাদিক হোসাইন শাহিদ, সংস্কৃতিজন সারওয়ার জাহান, শাহসুফি লিয়াকত আলী চিশতি ও ওয়াহিদুজ্জামান সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিন আনোয়ার।
ময়মনসিংহ বাউল সমিতির সহসভাপতি কাজল দেওয়ান বলেন, ‘যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে মানুষের মনকে পরিশুদ্ধ করা এবং আধ্যাত্মিক চেতনার মাধ্যমে সমাজে সম্প্রীতি বজায় রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।’

সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণাকে পাথেয় করে ভবিষ্যতেও প্রতিটি পূর্ণিমা তিথিতে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
আয়োজকদের প্রত্যাশা, সংগীত ও আধ্যাত্মিকতার এ মিলনমেলা মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও আত্মিক প্রশান্তির বার্তা ছড়িয়ে দেবে। অনুষ্ঠানটির গান ও স্থিরচিত্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পাচ্ছে।

