নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে ঠেলা জালে ধরা পড়েছে সাগরের রুপালি ইলিশ। প্রায় এক কেজি ওজনের চকচকে ইলিশটি ধরা পড়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিরল এই দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের বাসিন্দা শরিয়ত উল্লাহ (৫০)-এর ঠেলা জালে অন্য মাছের সঙ্গে ইলিশটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের কাছাকাছি মাঝেমধ্যেই শখের বশে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যান শরিয়ত উল্লাহ। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি নদে জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই বিস্মিত হন তিনি। জালের ভেতর বাইম, টাকি ও চিংড়িসহ বিভিন্ন দেশীয় মাছের সঙ্গে ছটফট করছিল প্রায় এক কেজি ওজনের একটি বড় আকারের রুপালি ইলিশ।
ইলিশটি বাড়িতে আনার পর শরিয়ত উল্লাহর মেয়ের জামাই আতিকুল ইসলাম ভুইয়া জয় মাছটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় আলোচনা ও কৌতূহল। অনেকের মনেই প্রশ্ন ওঠে—সাগরের নোনা পানির ইলিশ এত দূরের পুরাতন ব্রহ্মপুত্র নদে কীভাবে এলো?
আতিকুল ইসলাম ভুইয়া জয় বলেন, “আমার শ্বশুর মূলত শখের বশেই ঠেলা জাল নিয়ে নদীতে নেমেছিলেন। অন্য দেশীয় মাছের সঙ্গে এই বড় ইলিশটি জালে উঠে আসে। ব্রহ্মপুত্রের ইলিশ, তাও আবার ঠেলা জালে—এটা আমাদের জন্য সত্যিই আনন্দের ও বিস্ময়ের।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান বলেন, বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে প্রজনন মৌসুমে ডিম ছাড়ার জন্য এবং অনুকূল পরিবেশের সন্ধানে ইলিশ সাগর থেকে মোহনা হয়ে উজান অঞ্চলের বিভিন্ন নদ-নদীতে প্রবেশ করে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানির গভীরতা ও গুণাগুণ অনুকূলে থাকলে মাঝেমধ্যে ইলিশের ঝাঁক দলছুট হয়ে এত দূর পর্যন্ত চলে আসতে পারে।
তিনি আরও বলেন, ঠেলা জালে প্রায় এক কেজি ওজনের ইলিশ ধরা পড়া নদে মাছের স্বাভাবিক বিচরণ ও জীববৈচিত্রের ইতিবাচক দিক নির্দেশ করে। নদীকেন্দ্রিক মৎস্যসম্পদের জন্য এটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর।

