ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্ল্যা আবু সাইদ। বৃহস্পতিবার বিকেলে তিনি মিশনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে মোল্ল্যা আবু সাইদ জানান, দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৭৫৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১১ হাজার ৪৫২ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। ময়মনসিংহ জেলার ৮১৭টি পূজামণ্ডপেও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। এর মধ্যে ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোতে আটজন করে আনসার সদস্য মোতায়েন করা হবে।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনী পুলিশ, এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহের জেলা কমান্ডার সোহেলুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট স্বরূপ আচার্য্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমান এবং রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজার স্বামী কল্যাণদানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।

