ময়মনসিংহ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার পাঁচটি সীমান্তবর্তী উপজেলায় প্রায় ২৫০টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ জন্য ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি আরও দুই প্লাটুন সদস্য রিজার্ভ রাখা হয়েছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে রেকি কার্যক্রম সম্পন্ন করেছে বিজিবি। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনীটি।

নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রমের সমন্বয়, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দুর্গাপূজার নিরাপত্তার পাশাপাশি সীমান্ত সুরক্ষায়ও সতর্ক অবস্থানে রয়েছে ৩৯ বিজিবি। আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের কারবার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং নিবিড় নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকার প্রতিকূল ভৌগোলিক পরিবেশ ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজায় সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

