বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।
আগের মহাপরিচালকদের দায়িত্ব পরিবর্তন
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তীকালে গত বছরের সেপ্টেম্বরে একাডেমির মহাপরিচালক হন সৈয়দ জামিল আহমেদ। তবে এ বছরের ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন একাডেমির সচিব মো. ওয়ারেছ হোসেন।
পরে ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন মহাপরিচালক হিসেবে চূড়ান্ত নিয়োগ পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন।
প্রতিক্রিয়া
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, “আমরা শিল্পকলায় আছি, তাঁর জন্য অপেক্ষা করছি। মন্ত্রণালয়ে যোগদান করেছেন, সেখান থেকে একাডেমিতে আসবেন।”
পরিচিতি
কবি রেজাউদ্দিন স্টালিন বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সদস্যসচিব। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।




