ময়মনসিংহ প্রতিনিধি:
চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ সময় একটি পাওয়ার টিলার ট্রলিসহ কসমেটিকসের চালানটি আটক করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গজনী নামক স্থানে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবির গোয়েন্দা দলের গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে একটি পাওয়ার টিলার ট্রলিসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটক করা পাওয়ার টিলার ট্রলি এবং কসমেটিকসের সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য জানিয়েছেন।

