নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। এ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার নগরীর টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীরাই ছিল মূল শক্তি। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মাদক, অসদুপায় ও সহিংসতা থেকে দূরে থাকার পরামর্শ দেন। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অর্জন নয়; এটি জনগণের সম্মিলিত সংগ্রামের ফসল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতোই ২০২৪ সালের এই আন্দোলন রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাবাহিকতার অংশ।
এছাড়া রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




