ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে সজিব আলী (২০), নাজমুল ইসলাম (২৫) ও শিহাব মিয়া ওরফে শিপন (১৬)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে গত ২৬ ফেব্রুয়ারি রাতে অষ্টধার সেনপাড়া এলাকায় সুমনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তার লাশ ধানক্ষেতের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তদন্তে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। আটকরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিশোর আসামিকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।




