নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার মধ্য বাড়েরা এলাকায় সাবিহা সুলতানা নামের এক নারীর বসতবাড়িতে পরিকল্পিত সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল ২৫ জুন (২০২৬) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি ভুক্তভোগী পরিবারের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে সাবিহা সুলতানার বাড়িতে চড়াও হয়।

হামলাকারীরা ভুক্তভোগীর বসতঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে এবং ঘরের ভেতরের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলায় আসবাবপত্র ও ঘর ভাঙচুরে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘর থেকে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী সাবিহা সুলতানা জানান, হামলাকারীরা তাদের মারধরের চেষ্টা করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি ভবিষ্যতে এই ঘটনা নিয়ে থানায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নিলে পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

এই নৃশংস হামলার পর থেকে সাবিহা সুলতানার পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও তীব্র অসন্তোষ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার
এই অভিযোগ এর তদন্দকারী এস আই কামরুজ্জামান জানায়, অভিযোগটি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। আমার ঘটনাটি তদন্ত করছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




