নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে ঈশ্বরগঞ্জ উপজেলার ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সজল কর্মকার (২৯) ও মো. রাজু (৩২)। তারা উভয়েই ঈশ্বরগঞ্জ উপজেলার কালবলা পাতারিয়া এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির দক্ষিণ শাখার নির্দেশনায় পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশের এ ধরনের অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।




