ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় বিএনপির দুই নেতার মধ্যে বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন অফিস সহকারী আহত হয়েছেন।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন। এ সময় মুখোমুখি হলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এক পর্যায়ে তোফাজ্জল হোসেন হাফেজ আজিজুল হককে ‘বহিষ্কৃত’ ও ‘দালাল’ বলে কটূক্তি করেন। জবাবে হাফেজ আজিজুল হকও পাল্টা কটূক্তি করেন। এরপর দু’জনের মধ্যে হাতাহাতি ও চর-থাপ্পড়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে হাফেজ আজিজুল হক বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জল হোসেনকে আঘাতের চেষ্টা করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তারা, ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন এবং অফিস সহকারী জনিসহ অন্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে অফিস সহকারী জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক ও তোফাজ্জল হোসেন উভয়েই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “হঠাৎ এ ঘটনার সূত্রপাত হওয়ায় আমিসহ উপস্থিত সবাই বিব্রত হয়েছি। দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এ ধরনের আচরণ কাম্য নয়।”
এদিকে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যেও এ ঘটনায় অসন্তোষ দেখা দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




