নাগরিকদের ক্ষোভ যানজট-ড্রেনেজ-বর্জ্য নিয়ে, কঠোর পদক্ষেপের আশ্বাস মসিক প্রশাসক রোকনের
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
রাস্তা ভাঙাচোরা, ড্রেনেজে দুর্ভোগ, বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থা আর যানজটে নাকাল নগরবাসী। এসব নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়তে হলো ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনকে। দায়িত্ব নেওয়ার ছয় মাস পর প্রথমবারের মতো জনতার মুখোমুখি হয়ে নাগরিকদের নানা অভিযোগ ও প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

বুধবার নগরীর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ প্রশ্নোত্তর পর্বে নাগরিকরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী, পেশাজীবীসহ প্রায় চার শতাধিক নাগরিক অংশ নেন।
নাগরিকদের অভিযোগের জবাবে প্রশাসক স্বীকার করেন, নগরের যানজট ও বর্জ্য ব্যবস্থাপনায় এখনো শতভাগ সাফল্য আসেনি। যানজট নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রতিটি পরিবার ও নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রশ্নোত্তর পর্বে নাগরিকদের সামনে নগর ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবা চালুর পরিকল্পনাও তুলে ধরেন রুকুনোজ্জামান রোকন। তিনি জানান, সিটি করপোরেশনের বিভিন্ন সেবা ডিজিটাল করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ভবিষ্যতে যানবাহনের রুট পারমিট এবং ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনাও অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আড়াই ঘণ্টার এ আয়োজনে নাগরিকরা শুধু অভিযোগই করেননি, বিভিন্ন সমস্যা সমাধানে সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ ও বাস্তবায়নের সময়সীমা নিয়েও প্রশ্ন তোলেন। প্রশাসক তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নগর উন্নয়নে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
দায়িত্ব গ্রহণের পর এ ধরনের সরাসরি প্রশ্নোত্তর আয়োজনকে নাগরিকদের সঙ্গে সিটি প্রশাসনের যোগাযোগের একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

