নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মচারীরা।
বুধবার (০৯ জুলাই ২০২৬) সকালে ময়মনসিংহ বিভাগীয় ডাক কার্যালয়ের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীরা বলেন, দেশের গুরুত্বপূর্ণ সেবা খাত হওয়া সত্ত্বেও ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প বেতনে কাজ করে যাচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে প্রায় ২৩ হাজারের বেশি শাখা ডাকঘর কর্মচারী কর্মরত থাকলেও তাদের বেতন কাঠামো অত্যন্ত নিম্নমানের। বিভিন্ন পদে মাসিক বেতন ৪ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ, যা বর্তমান বাজারদরের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
কর্মচারীরা আরও জানান, ২০১৮ সালের পর থেকে তাদের বেতন বৃদ্ধির কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল না পাওয়ায় তারা মানববন্ধনসহ স্মারকলিপি প্রদানে বাধ্য হয়েছেন।
তাদের প্রধান দাবিগুলো হলো—
বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি
শাখা ডাকঘরের কর্মচারীদের বিভাগীয় (সরকারি) কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান
মানববন্ধন শেষে কর্মচারীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।




