বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। উপযুক্ত সময়ে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কোনো নির্বাচনি এলাকায় কাউকে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি। দলের পার্লামেন্টারি বোর্ডই প্রার্থী মনোনয়নের দায়িত্ব পালন করে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।
তিনি অভিযোগ করেন, কিছু মহল বিএনপিকে বিভ্রান্ত করতে এবং বিভেদ সৃষ্টি করতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে অশুভ উদ্দেশ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।
রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি তাগিদ দিয়েছেন, ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে যুক্ত থাকতে হবে।




