নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
দেশের ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহে বোরো মৌসুমে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জ্বালানি ও শ্রমিক সংকটের পাশাপাশি টানা ভারী বর্ষণে ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কৃষকরা জানান, ধান কাটার ভরা মৌসুমেও দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। বর্তমানে ১ বিঘা জমির ধান কাটতে খরচ হচ্ছে প্রায় ৩ হাজার ২০০ টাকা এবং মাড়াইয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে আরও প্রায় ৭০০ টাকা। অন্যদিকে কম্বাইন হারভেস্টার ব্যবহার করলে খরচ প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হলেও জ্বালানি সংকটের কারণে সেটিও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

এর মধ্যে কয়েকদিনের টানা ভারী বর্ষণে নিচু এলাকা ও বিলাঞ্চলের ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে সময়মতো ধান কাটতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, নদী, খাল ও জলাশয়ে অবৈধ বাঁধ দেওয়ার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ফসলের ক্ষতি আরও বাড়ছে। তারা দ্রুত এসব অবৈধ বাঁধ অপসারণ, জ্বালানি তেলের সহজলভ্যতা এবং ধান কাটার যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জলাশয়ে থাকা অবৈধ বাঁধ অপসারণে কাজ চলছে।
অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কম্বাইন হারভেস্টার ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ময়মনসিংহ জেলায় প্রায় ২ লাখ ৬৩ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।




