অধিনায়কদের পর সাবেকদের জন্য নতুন সিদ্ধান্ত তামিমের

0
337

গেল মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরে সাবেক জাতীয় দলের অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ড চালু করেন তামিম ইকবাল। এবার নতুন করে সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখলেন বিসিবি সভাপতি। সাবেক ক্রিকেটারদের নামে স্ট্যান্ড করতে চান তিনি।

আজ মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপাকালে তিনি বলেন, ‘এটা আমাদের হওয়া উচিতও (ক্রিকেটারদের নামে স্ট্যান্ড)। তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে, আমরা কাকে কাকে ওই নামগুলো দিয়ে সম্মান দিচ্ছি। কারণ একজনকে নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পেল। হয়তোবা যখনই যারই নাম দিই, কেউ না কেউ এটা নিয়ে একটা আপত্তি করতেই পারে। তো এটা নিয়ে আমরা পরিকল্পনা করছি যে আসলে কোন পদ্ধতিতে যাব।’

বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখা ক্রীড়া সংগঠকদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে চান তামিম ইকবাল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কি শুধু নিজের শহরের খেলোয়াড়দের নাম দেব, নাকি জাতীয় স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নাম রাখা হবে? আবার এখানে এমন কিছু সংগঠক আছেন, যাদের বাংলাদেশ ক্রিকেটে বিশাল অবদান রয়েছে; তাদের নামও থাকা উচিত। বিষয়টি নিয়ে আমি পরিকল্পনা করছি। এই অ্যাডহক কমিটির মেয়াদে তা শেষ করতে পারব কি না জানি না, তবে ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসতে পারলে আশা করি এটি সম্পন্ন করতে পারব।’

সাবেক ক্রিকেটারদের পরিসংখ্যান দিয়ে তাদের বিচার বা ছোট করতে নারাজ তামিম। তাদের অবদান স্বীকার করে তিনি বলেন, ‘কারো ব্যাটিং গড় ৫০ হতে হবে, এমন কোনো শর্ত নেই। আমাদের সময়ে যারা খেলেছেন, তাদের গড় যদি ১০-ও হয়ে থাকে, তবে সেই ১০ রানের অবদানও তখন বিশাল ছিল।’

‘যারা যে ভূমিকা পালন করেছেন, পরিসংখ্যান বা অন্য যেকোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে কোন জায়গায় কার নাম দেওয়া যায়, সেই কাজটি আমি ইনশাআল্লাহ সম্পন্ন করে দিয়ে যেতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here