জনবান্ধব ও সাংবাদিকবান্ধব হয়ে কাজের অঙ্গীকার ময়মনসিংহের নবাগত ডিসি-এসপির

0
150

ময়মনসিংহে সদ্য যোগদান করা জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছেন— তারা জনবান্ধব ও সাংবাদিকবান্ধব নীতিতে কাজ করতে চান। সোমবার সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা ও নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুদ।

সভায় নবাগত ডিসি ও এসপি উভয়েই বলেন, ময়মনসিংহের উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন দ্রুত সম্ভব হবে। তারা সাংবাদিকদের সাথে সমন্বয় রেখে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসপি মিজানুর রহমান জানান— জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “এই কাজ একা সম্ভব নয়, সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।”

অন্যদিকে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ময়মনসিংহের সাংবাদিকদের নবীন-প্রবীণের সমন্বয়ে একটি শক্তিশালী টিম রয়েছে। তিনি পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে বলেন— গণতন্ত্রকে সুসংহত করতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও আশরাফুল করিম, তথ্য পরিচালক মীর আকরাম উদ্দীন আহাম্মদ, সাংবাদিক নেতা মো. মোশারফ হোসেন, আইয়ুব আলীসহ প্রায় অর্ধশত সংবাদকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here