নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রামপ্রসাদ পালের বিরুদ্ধে ফায়ার লাইসেন্স করে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের একটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক নিখিল চন্দ্র বিশ্বাসশর্মার কাছ থেকে লাইসেন্স করে দেওয়ার কথা বলে ২৩ হাজার টাকা নেওয়া হয়।
ভুক্তভোগী নিখিল চন্দ্র বিশ্বাসশর্মা অভিযোগ করে বলেন, “আমার ডায়াগনস্টিক সেন্টারের ফায়ার লাইসেন্স করে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে আমি বাধ্য হয়ে ২৩ হাজার টাকা প্রদান করি।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিধি অনুযায়ী ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে কোনো কর্মকর্তার নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। ফলে এভাবে অর্থ গ্রহণ সরকারি নীতিমালার পরিপন্থী এবং অনিয়মের শামিল।
এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী (পিএফএম)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নগদ অর্থ নেওয়ার কোনো বিধান নেই। এটি একটি গুরুতর অপরাধ। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্টেশন অফিসার রামপ্রসাদ পাল অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “টাকা নেওয়াটা আমার ভুল হয়েছে।”




