আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া জিতবে, সুপার কম্পিউটার কী বলছে!

0
245

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৯ নম্বর দল আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল শীর্ষ দল আর্জেন্টিনা। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া আফ্রিকান দলটির চেয়ে একটু এগিয়ে, ২১তম র‌্যাঙ্কিংধারী দল। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারা। সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচ জয়ের ধারায় আছে এবং ১২ ম্যাচে জিতেছে ১০টি, অন্য দুটির একটি ড্র ও একটি হার।

আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রিয়া আরেকটি জয় পেলে ১৯৮২ সালের পর প্রথমবার তারা বিশ্বকাপ শুরু করবে টানা দুটি জয় দিয়ে। আলবিসেলেস্তের বিপক্ষে জিতলে হবে গ্রুপ বিজয়ী। আর আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় এবং জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে তাহলে বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করবে এবং নকআউটে এইচ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে, যেখানে আছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।

অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেছেন, ‘আমরা জানি আর্জেন্টিনা কত ভালো দল। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের শক্তির ওপরও ভরসা আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য ধরে রাখতে পারি, তাহলে যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করি।’

অস্ট্রিয়া চমক দেখানোর আত্মবিশ্বাস বুকে ধারণ করলেও অপ্টা সুপার কম্পিউটার বলছে, আর্জেন্টিনা দুটি ম্যাচে দুটি জয় পাবে। তাদের জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে ২১.৯ শতাংশ। অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। নিশ্চিতভাবে ফেভারিট হিসেবেই নামবে মেসিরা, কিন্তু মনে রাখতে হবে গত বিশ্বকাপে সৌদি আরবের চমকের কথাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here