ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে এক ইউনিয়নে অস্বাভাবিক পরিমাণ বরাদ্দ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। শুধু সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা ও কবরস্থানের নামে ১৭টি প্রকল্পে বরাদ্দ হয়েছে ৩৫ লাখ টাকা। বিষয়টি সামনে আসতেই তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ উঠেছে, স্থানীয় এক ব্যক্তি মো. আইনুল হক নিজের নামে দুটি মাদরাসা ও একটি পারিবারিক কবরস্থানের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। এমনকি কিছু প্রতিষ্ঠানের পরিচালকরা জানতেনই না যে তাদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। পরে তারা খবর পেয়ে আবেদন করতে বাধ্য হন। কোথাও কোথাও নাম পরিবর্তন করে বরাদ্দ তোলার ঘটনাও ধরা পড়েছে।
এ নিয়ে জেলা পরিষদের ভেতরে-বাইরে আলোচনা-সমালোচনা চলছে। জেলা পরিষদের দায়িত্বশীলরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক ইতোমধ্যে সরেজমিন তদন্ত শুরু করেছে এবং নথি যাচাই করছে। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা মিলেছে বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।




