জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌছান প্রধান উপদেষ্টা।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টাসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।
প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দু’দিন আগেই তিনি নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারের তুলে ধরবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। সে সময় তিনি তার বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন এজেন্ডার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ২৭ তারিখ অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও।
এ বছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।




