ময়মনসিংহ প্রতিনিধি: নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহী ও উৎসাহী। নজরুল বর্ষকে সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করতে হবে। দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী দেশের স্কুলগুলোতে নজরুল সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। নজরুলের উদার ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিভাবান ও সম্ভাবনাময় শিশু-কিশোরদের রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার মাধ্যমে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চল সাংস্কৃতিক ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ। আসন্ন প্রতিযোগিতায় এ অঞ্চলের শিক্ষার্থীরা যেন প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারে, সে লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।
এছাড়া বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে বিভাগের চার জেলার জেলা প্রশাসক, জেলা তথ্য অফিসার এবং আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।


