চুরি ঠেকাতে কার্যকর উদ্যোগের অভাব, কংক্রিটের ঢাকনা বসানোর পরিকল্পনা সিটি কর্পোরেশনের
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ মহানগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে ধারাবাহিকভাবে ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা বেড়েই চলেছে। রাতের আঁধারে সংঘটিত এসব চুরির কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কোথাও খোলা ম্যানহোলের মুখে বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে সতর্ক করা হয়েছে, কোথাও ডালপালা দিয়ে অস্থায়ীভাবে ঢেকে রাখা হয়েছে বিপজ্জনক গর্ত। আবার অনেক জায়গায় সদ্য চুরি হওয়ায় ম্যানহোল সম্পূর্ণ খোলা অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির সময় সড়কে পানি জমে গেলে এসব খোলা ম্যানহোল যেন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত ও পেশাদার চোরচক্র এসব লোহার ঢাকনা চুরি করে বিক্রি করছে। এতে করে প্রতিদিনই নতুন করে ঝুঁকির সৃষ্টি হচ্ছে। নগরীর কৃষ্টপুর, পাটগুদাম, কলেজ রোড, বাতিরকলসহ বিভিন্ন এলাকায় গড়ে প্রতিদিন পাঁচ থেকে সাতটি ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে।
এ অবস্থায় পথচারী ও যানবাহন চালকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. এ এইচ এম খালেকুজ্জামান বলেন, জনদুর্ভোগ লাঘবে ম্যানহোলের ঢাকনা চুরি প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে এসব চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানান, ম্যানহোলের ঢাকনা চুরি রোধে বিকল্প ব্যবস্থা হিসেবে লোহার পরিবর্তে কংক্রিটের ঢাকনা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে চুরির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
তবে নগরবাসীর প্রশ্ন—পরিকল্পনা নয়, বাস্তবায়নই এখন জরুরি। নিরাপদ সড়ক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।




