ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি নূর নবী পাটোয়ারী (৭০) নামে পরিচিত।
নিহতের ছেলে মো. রাকিবুল ইসলাম জানান, শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে প্রায় ৩০০ গজ উত্তরে নদীর তীরে তার বাবার মরদেহ পাওয়া যায়।
পরিবারের সদস্যদের ভাষ্য, নূর নবী পাটোয়ারী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ডিমেনশিয়ায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-পরিচয়ও বলতে পারতেন না।
নিহতের ছেলে থানায় লিখিত আবেদন করে জানিয়েছেন, তার বাবার মৃত্যুর ঘটনায় পরিবারের কারও কোনো সন্দেহ নেই এবং এ বিষয়ে তারা কোনো মামলা-মোকদ্দমা করবেন না। তাই মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছেন।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




