পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ, ১২ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

0
94

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গোদারঘাট এলাকায় কংস নদীতে পড়ে আছির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা নদীর তীরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন।

জানা গেছে, বুধবার (২২ জুলাই) রাতে খাবার খেয়ে হাঁটতে বের হন আছির উদ্দিন। কংস নদীর পাড় দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে প্রবল স্রোতে ভেসে যান। পরে ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি জুতা ও একটি লাঠি পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। রাতভর তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আছির উদ্দিন বড়ইকান্দি এলাকার বাসিন্দা। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্নস্থানে তল্লাশি চালানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি নদীতে পড়ে গেছেন। স্থানীয় একজন তার চিৎকারও শুনেছেন বলে জানিয়েছেন। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here