নিজস্ব প্রতিনিধি , ময়মনসিংহ:
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় জামালপুর-ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বুধবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ শহরের কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি পাওয়ার বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।
লাইনচ্যুত বগি উদ্ধারে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে উদ্ধার কাজ চলাকালে ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ওই উদ্ধারকারী ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়, এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধারকারী ট্রেন পুনরায় লাইনে তোলা হয় এবং পরবর্তীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটিও সরিয়ে নেওয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, বগি পুনরায় লাইনে সংযুক্ত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।




