নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ২৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন অটোরিকশা চালক মো. মোল্লা মিয়া (২৮)। তার বাড়ি নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কান্দিউড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দাসপাড়া এলাকা থেকে স্বামীর বাড়ি ময়মনসিংহের ভালুকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন ভুক্তভোগী এক নারী। সঙ্গে ছিল তার তিন বছর বয়সী সন্তান। ভুলবশত তিনি নান্দাইল এলাকায় নেমে পড়েন এবং রাতের বেলায় অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন।
এ সময় রাত সাড়ে ১১টার দিকে একটি অটোরিকশায় থাকা ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে গাঙ্গাইল ইউনিয়নের একটি নির্জন হাওর এলাকায় নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ভোরের দিকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী চিকিৎসা পান এবং অভিযুক্তদের মধ্যে ‘কাজল’ নামের একজনকে শনাক্ত করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় কাজলসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে নান্দাইল থানা ও ডিবি পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে এক আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




