২৪ ঘণ্টায় ময়মনসিংহে হাম উপসর্গে আরও ৩৩ শিশু ভর্তি

0
169

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৮৮ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসব শিশু ভর্তি হয়। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১১ শিশু। তবে গুরুতর অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৫১৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪১৪ শিশু এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু রোগী ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।

হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ৬৪ শয্যাবিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গুরুতর অবস্থায় দুই শিশুকে ঢাকায় রেফার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here