নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ময়মনসিংহে ফিটনেসবিহীন ও অননুমোদিত সকল ধরনের যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
ময়মনসিংহ জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা হবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যও রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেটবিহীন চলাচল এবং ফিটনেসবিহীন বা অনুমোদনহীন যেকোনো যানবাহন নিয়ে সড়ক ও মহাসড়কে চলাচল থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে ।
প্রশাসনের এই উদ্যোগকে সড়কে শৃঙ্খলা ফেরানো ও জ্বালানি সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

