ময়মনসিংহ প্রতিনিধি:
অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নেওয়া হয়েছে সমন্বিত নানা উদ্যোগ—জানিয়েছেন মসিকের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
তিনি জানান, স্নানঘাট ও আশপাশের এলাকা বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়ে নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে পরিবেশ থাকে স্বাস্থ্যসম্মত।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ভক্তদের সুবিধার্থে বিশুদ্ধ পানীয় পানির জন্য অস্থায়ী ট্যাংক স্থাপন করা হয়েছে। পাশাপাশি অস্থায়ী টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে ভোগান্তি কমে।
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কাপড় পরিবর্তনের ব্যবস্থায়। নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা অস্থায়ী গোসলখানা ও চেঞ্জিং রুম স্থাপন করা হয়েছে। এসব স্থানে পর্দা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে স্নান শেষে ভক্তরা স্বাচ্ছন্দ্যে কাপড় পরিবর্তন করতে পারেন।
এছাড়া স্নানঘাট এলাকায় পর্যাপ্ত আলো ও বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময় নিরাপদ চলাচলের জন্য।
যানজট এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক পরিকল্পনা। নির্দিষ্ট রুট ও পার্কিং ব্যবস্থার মাধ্যমে জনসমাগম নিয়ন্ত্রণে রাখা হবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক চিকিৎসা টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
মসিক প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন সকল ভক্ত ও দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় আচার পালনের আহ্বান জানিয়েছেন, যাতে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।




