নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের গেটের সামনে থেকে মো. সোহেল রানা (৩৪) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানার পিতার নাম তোরাব আলী (ওরফে তোরাপ আলী) এবং মাতা সূর্য বানু। তার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল গ্রামে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার সময় সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত থেকে দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নেওয়ার সময় মারধর করে। এছাড়া তিনি কারখানার শ্রমিকদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন এবং লাশের ওপর বর্বর নির্যাতন চালাতে উপস্থিত জনতাকে উসকানি দেন।
পুলিশ আরও জানায়, এর আগে গ্রেফতার হওয়া তিন আসামি আদালতে দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম উল্লেখ করেছে।
এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।




