নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।
প্রথম অভিযানে ডিবির এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও বাজার এলাকায় অভিযান চালান। রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে কাহালগাঁও ইসলামিয়া পাঠাগারের সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ মো. আব্দুল খালেক (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃত খালেক ফুলবাড়ীয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে।
অপরদিকে একই রাতে ডিবির এসআই মো. ফারুক আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার চরপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রুমা কনফেকশনারি অ্যান্ড পেস্ট্রি শপের সামনে থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহরিয়ার হোসেন ইমন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। ইমন কোতোয়ালী থানার ২৬ নম্বর ওয়ার্ডের শিকারীকান্দা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




