​হালুয়াঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় পাহাড়ীদের হামলায় বাংলাদেশী যুবক গুরুতর আহত

0
193

​নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় অজ্ঞাতনামা ভারতীয় পাহাড়ী বা গারোদের হামলায় মো. আনোয়ার হোসেন (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
​আহত আনোয়ার হোসেন হালুয়াঘাট থানার উত্তর নলকুড়া গ্রামের মো. মজিবরের ছেলে।
​
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন চোরাচালানের উদ্দেশ্যে বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় ৩০০-৩৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। কাটাতারের বেড়ার নিকটবর্তী এলাকায় পৌঁছালে অন্ধকারের সুযোগে অজ্ঞাতনামা কিছু ভারতীয় পাহাড়ী ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন।
​আহত অবস্থায় তিনি কোনোমতে বাংলাদেশ সীমান্তে ফিরে আসলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকাতেই চিকিৎসাধীন রয়েছেন।
​
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যানুসারে ওই ব্যক্তি জনৈক ভারতীয় নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। এছাড়া গত বছরও তিনি অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দুষ্কৃতকারীদের হাতে প্রহৃত হয়েছিলেন।
​এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং মাদক ও চোরাচালানসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবি সবসময় কঠোর নীতি অনুসরণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here