স্পিকার ও ডেপুটি স্পিকারের বিএনপি থেকে পদত্যাগ

0
392

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারা স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পরপরই তারা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল দলটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর পাঠানো পদত্যাগপত্রে হাফিজ উদ্দিন আহমেদ উল্লেখ করেন, স্পিকার হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

একই কারণ দেখিয়ে পদত্যাগপত্র দেন ডেপুটি স্পিকার কায়সার কামালও।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদগুলো নির্দলীয় বা সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত। এসব পদে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে থাকতে পারেন না।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য হওয়ার যোগ্য থাকেন না। এছাড়া সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের সময় তাদের নিরপেক্ষতা বজায় রেখে সংসদের কার্যক্রম পরিচালনা করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here