নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানার নতুন বাজার এলাকায় এক ব্যক্তির বিকৃত যৌন আচরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল নতুন বাজারস্থ আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি গলিতে এক ব্যক্তি আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা হয়।
পরে বুধবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণ পাড়া এলাকা থেকে মাহমুদুল হাসান (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




