সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন: মির্জা ফখরুল

0
196

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধাপে ধাপে দেশের সব পরিবারই ফ্যামিলি কার্ড পাবেন। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো নির্বাচনপূর্ব অঙ্গীকার পূরণ করা। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই কার্ড পরিবারকে আর্থিক সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি নারীদের ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক সময় পরিবারের নারীদের গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু কার্ডের মাধ্যমে তারা পরিবারের প্রধান হিসেবেও শক্ত অবস্থান নিতে পারবেন।

তিনি জানান, প্রাথমিকভাবে সারা দেশের ১৪টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে সব পরিবারই এই কার্ড পাবেন।

এ সময় এলাকার উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ঠাকুরগাঁও অঞ্চলে কৃষিই প্রধান অর্থনৈতিক খাত। তাই এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষিত তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণ দিয়ে ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।

মাদক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

শেষে তিনি বলেন, কেউ কার্ড পেল আর কেউ পেল না—এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ধীরে ধীরে সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু কিছুটা সময় ও ধৈর্যের প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here