লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামলসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বরে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭) থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে টাকা ও গাড়িটি জব্দ করে সংশ্লিষ্টদের জেলা জজ আদালতে নেওয়া হয়।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
বদরুল ইসলাম শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং শহরের আল-আমিন ফার্মেসির মালিক।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে ঝুমুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে নগদ অর্থ জব্দ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত শ্যামলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।




