মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

0
122

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর ছুরিকাঘাতে হেলাল উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গরুর বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে হেলাল উদ্দিনের সঙ্গে শরিফুলের বাগবিতণ্ডা শুরু হয়। পরে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় হেলাল সেখান থেকে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তবে শরিফুল তাকে ধাওয়া করে সেখানে গিয়ে আবারও হামলা চালিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কয়েকজন বন্ধু একসঙ্গে মাদক সেবন করছিলেন। এ সময় তর্কবিতর্কের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে, হেলাল মাদকাসক্ত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

নিহতের ভাই আল আমিন বলেন, খবর পাই আমার ভাইকে তারা মাইরা ফালাইছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নেশার কারণে খুন হয়েছে কিনা, তা তদন্তের পর বলা যাবে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here